সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কোটচাঁদপুরে গাঁজা সেবনের সময় আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড:
২৬ বাংলা টিভি 27-Aug-2026 8
কোটচাঁদপুরে গাঁজা সেবনের সময় আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোটচাঁদপুর উপজেলার দুধসরা এলাকার একটি কাঠের মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির এসআই অমৃত মৈত্র সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুধসরা এলাকার কাঠের মিলে কয়েকজন ব্যক্তি গাঁজা সেবন করছেন। খবর পেয়ে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান।
এ সময় গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন—পারলাট গ্রামের মোঃ গোলাম হোসেনের ছেলে মোঃ রাসেল রানা (২৮), পারলাট গ্রামের মিরাজুল ইসলাম এবং দুধসরা হঠাৎপাড়া এলাকার মোঃ মনোয়ার হোসেনের ছেলে ইমন হোসেন (২৫)। সবাই কোটচাঁদপুর উপজেলার বাসিন্দা।
আটকদের জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে মাদক সেবনের বিষয়ে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানাকে বিষয়টি জানানো হয়।
পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান জানান,কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির জিডি নং-৫৩১/২৬, তারিখ ২৬ আগস্ট ২০২৬ অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
news@26banglatv.com