সারা বাংলা খুলনা নড়াইল
তারুণ্যের মেধা ও কর্মসংস্থানই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চাবিকাঠি, নড়াইলে জামায়াতের যুব সমাবেশ
২৬ বাংলা টিভি 12-Aug-2026 23
তারুণ্যের মেধা ও কর্মসংস্থানই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চাবিকাঠি, নড়াইলে জামায়াতের যুব সমাবেশ
নড়াইল প্রতিনিধি: "ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নড়াইলে এক বর্ণাঢ্য যুব র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নড়াইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল যুব র্যালি বের হয়ে রূপগঞ্জ বাজার ও হাতিরবাগান গোলচত্বর প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালি শেষে পুরাতন বাস টার্মিনাল গোলচত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ খিয়াম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, "বাংলাদেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও নিরাপদ দেশ গড়ে তোলা সম্ভব। এজন্য মেধাবী ও বেকার যুবকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ এবং উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা সময়ের দাবি।" তিনি আরও যুক্ত করেন, যুব সমাজকে কাজের সুযোগ ও সঠিক পথপ্রদর্শন করা গেলে তারা অপরাধ, মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। তারুণ্যের যথাযথ বিকাশের মাধ্যমেই একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জেলা যুব বিভাগের সেক্রেটারি আশিকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক যুব সদস্য।
সমাবেশে বক্তারা যুবসমাজের অধিকার, দায়িত্ব ও আগামীর প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
news@26banglatv.com