সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে সমন্বয়ক ও সাংবাদিক পরিচয়ে সরকারি কর্মচারীকে মব সৃষ্টির ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ
২৬ বাংলা টিভি 10-Aug-2026 13
নড়াইলে সমন্বয়ক ও সাংবাদিক পরিচয়ে সরকারি কর্মচারীকে মব সৃষ্টির ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ
নড়াইল প্রতিনিধি: নড়াইলে ভুয়া 'সমন্বয়ক' ও 'সাংবাদিক' পরিচয় দিয়ে এবং 'মব' সৃষ্টির ভয় দেখিয়ে এক সরকারি কর্মচারীর কাছ থেকে চাঁদা দাবি ও অর্থ আদায়ের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী কর্মচারী নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মো. সবুর শেখ কামাল নড়াইল সদর উপজেলা ভূমি অফিসে চেইনম্যান পদে কর্মরত। তিনি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত আনির হোসেনের সন্তান। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র তাকে সামাজিকভাবে হেয় করা, চাকরিচ্যুত করা এবং মব সৃষ্টি করে হেনস্তা করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে আসছে।
অভিযোগে অভিযুক্ত হিসেবে জহুরুল, কথিত সমন্বয়ক হাফিজ, স্বপন ও মিজান নামের চার ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী অভিযোগ করেন, চক্রটি এর আগে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে মোট ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় (যার মধ্যে ২০ হাজার টাকা বিকাশে এবং ৫০ হাজার টাকা নগদে গ্রহণ করে)।
কিন্তু টাকা দেওয়ার পরও থামেনি তাদের প্রতারণা ও হুমকি। সম্প্রতি অভিযুক্তরা নিজেদের কখনো ‘সমন্বয়ক’ আবার কখনো ‘সাংবাদিক’ পরিচয়ে তার বিরুদ্ধে সংবাদমাধ্যমে অপপ্রচার চালানোর এবং অফিসে মব তৈরি করে লাঞ্ছিত করার ভয় দেখিয়ে নতুন করে আরও ৬০ হাজার টাকা দাবি করছে। অনৈতিক এই দাবির প্রতিবাদ করলে তাকে পরিবারসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী মো. সবুর শেখ কামাল বলেন, "আমি সরকারি নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি। কিন্তু এই চক্রটি রাজনৈতিক বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
অভিযোগে তিনি অভিযুক্ত ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড, বিকাশ লেনদেনের তথ্য এবং ডিজিটাল প্রমাণের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তার দাবি জানান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
news@26banglatv.com