সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মাংস ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা
২৬ বাংলা টিভি 03-Aug-2026 16
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মাংস ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মাংস ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওনা নাহিদ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন মাংসের দোকান পরিদর্শন করা হয়। এ সময় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং নিম্নমানের ও মাননিয়ন্ত্রণবিহীন মাংস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় চার ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত একজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা এবং অপর তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে অপরাধ শনাক্তকরণ ও প্রসিকিউশন উপস্থাপন করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিন্নু রাইন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওনা নাহিদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
news@26banglatv.com