সারা বাংলা খুলনা নড়াইল
লোহাগড়ায় জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা, নড়াইল সদর হাসপাতালে ভর্তি
২৬ বাংলা টিভি 27-Jul-2026 22
লোহাগড়ায় জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা, নড়াইল সদর হাসপাতালে ভর্তি
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ক্ষেত থেকে পাট কাটার সময় এক কৃষকের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত ওই কৃষককে আশঙ্কাজনক অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কৃষকের নাম মোঃ শামিম মোল্যা (৩৫)। তিনি লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়া গ্রামের সুরুজ মোল্যার ছেলে।
এ ঘটনায় আহতের ছোট ভাই মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে সোমবার (২৭ জুলাই) লোহাগড়া থানায় ৯ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে শামিম মোল্যা চর বালিদিয়া কাটাখালের উত্তর পাশে নিজ জমির পাট কেটে রাস্তার ধারে রাখছিলেন। এ সময় জমি জমা নিয়ে পূর্ব বিরোধের জেরে চরবালিদিয়া গ্রামের দেলোয়ার মুন্সি, রাজু মুন্সি, দুখু মুন্সি, সুজন মুন্সি, বিল্লাল মুন্সি, হৃদয় মুন্সি, করিম মুন্সি, শামীম মুন্সি ও আব্দুল্লাহ মুন্সিসহ একদল সশস্ত্র সন্ত্রাসী রামদা, ছ্যানদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও হাতুড়ি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, সন্ত্রাসীরা প্রথমে শামিম মোল্যাকে ঘিরে ফেলে। এরপর রাজু মুন্সির সরাসরি নির্দেশে দুখু মুন্সি রামদা দিয়ে তার মাথার বাম পাশে সজোরে কোপ মারে। সুজন ও হৃদয় মুন্সি হাতুড়ি দিয়ে কোমরে আঘাত করে এবং দেলোয়ার ও বিল্লাল মুন্সি ছ্যানদা ও চাইনিজ কুড়াল দিয়ে কলারবোন ও চোখে কোপ দেয়। পরে রাজু মুন্সির রডের আঘাতে তিনি লুটিয়ে পড়লে অন্যান্য আসামিরা তাকে পিটিয়ে পাশের খাদের পানিতে ফেলে হত্যার চেষ্টা চালায়।
পরবর্তীতে স্থানীয়দের আর্তচিৎকারে জামাল মোল্যা, আঃ হান্নান মুন্সি, খসরু মোল্যা ও বিপ্লবসহ আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উভয় পক্ষের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তীব্র বিরোধ চলছিল, যার জের ধরেই এই নৃশংস হামলা চালানো হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান জানান, "এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
news@26banglatv.com