ইসলামী জগৎ
ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
২৬ বাংলা টিভি 24-Jul-2026 21
ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
নিউজ ডেস্ক: ওমরাহ পালনে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই ছেলে-মেয়েসহ মা নিহত হয়েছেন। নিহতরা হলেন, মা তানিয়া তাহমিনা (৪৫), মেজ ছেলে তাজবিক (১৯) এবং ছোট মেয়ে সাদাফ (১৫)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ওই নারীর স্বামী শফিকুল ইসলাম (৫৪) ও বড় ছেলে নাবিল (২৪)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে রিয়াদ থেকে আনুমানিক ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান,শফিকুল ইসলাম রিয়াদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। গতকাল রিয়াদের বাসা থেকে নিজেদের গাড়িতে তিন ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে ওমরাহ হজ পালন উপলক্ষে মক্কার উদ্দেশে রওনা হন তিনি। গাড়ি তিনিই চালাচ্ছিলেন। সামনের আসনে বসেছিলেন বড় ছেলে নাবিল। আর পেছনের আসনে পাশাপাশি বসেছিলেন মা তানিয়া তাহমিনা, মেজ ছেলে তাজবিক এবং ছোট মেয়ে সাদাফ।
রিয়াদ থেকে আনুমানিক ২০০ কিলোমিটার যাওয়ার পর পেছন থেকে কোনো ভারী যানবাহন তাদের গাড়িতে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে। ফলে পেছনের সিটে বসা তিনজনই ঘটনাস্থলে মারা যান। অলৌকিকভাবে গাড়ির সামনে থাকা বাবা ও বড় ছেলে বেঁচে যান।
নিহত তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, মেজ ছেলে তাজবিক ‘এ’ লেভেল শেষ করে ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। আর এক সপ্তাহ পরই তার ফ্লাইট ছিল। সে চলে যাওয়ার আগে সবাই মিলে ওমরাহ করতে যাচ্ছিল।
তিনি আরও বলেন, যেহেতু ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে সে কারণে মৃতদেহগুলো দেশে আনা হবে না। আজ দুপুরে জানাজা শেষে সৌদি আরবের রিয়াদেই তাদের দাফন দেওয়া হবে।
news@26banglatv.com