সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে ‘সাহিত্য আড্ডা’ সংস্কৃতির শেকড়ে ফেরার আকুল আহ্বান
২৬ বাংলা টিভি 20-Jul-2026 19
নড়াইলে ‘সাহিত্য আড্ডা’ সংস্কৃতির শেকড়ে ফেরার আকুল আহ্বান
মোস্তফা কামাল, নড়াইল: সংস্কৃতির মৌলিক ভিত্তি রক্ষা ও শেকড়ে ফেরার আকুল আহ্বানের মধ্য দিয়ে নড়াইলে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী প্রাণবন্ত ‘সাহিত্য আড্ডা’। গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৮০ দিনের সময়াবদ্ধ কর্মপরিকল্পনার অংশ হিসেবে সোমবার দুপুরে জেলা সরকারি গ্রন্থাগার, নড়াইলের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই ব্যতিক্রমী আয়োজনের সূচনা হয়।
অনুষ্ঠানে ‘সংস্কৃতির ক্রমবিকাশ প্রেক্ষাপট নড়াইল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপরিচিত চারণকবি মো. রওশন আলী। নড়াইল জেলা সরকারি গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান (ইনচার্জ)মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানটির চমৎকার উপস্থাপনা ও পরিচালনা করেন কবি সৈয়দ খায়রুল আলম।
উপস্থাপিত মূল প্রবন্ধে চারণকবি মো. রওশন আলী সংস্কৃতির সংজ্ঞা ও গুরুত্ব তুলে ধরে বলেন, “সংস্কৃতি হলো একটি সমাজের সামগ্রিক জীবনযাত্রার রূপ মানুষের ভাষা, চিন্তা, মূল্যবোধ, শিল্পকলা ও দর্শনের যৌথ প্রকাশ। আর লোকসংস্কৃতিই হলো আমাদের জাতীয় সংস্কৃতির আসল শেকড়।”
তিনি অপসংস্কৃতি ও সাংস্কৃতিক বিচ্যুতির তীব্র সমালোচনা করে সতর্কবার্তা দিয়ে বলেন, শেকড় ছিঁড়ে গেলে যেমন বৃক্ষ টিকে থাকতে পারে না, তেমনি নিজস্ব মৌলিক সংস্কৃতি থেকে বিচ্যুত হলে একটি জাতি ধ্বংসের দিকে ধাবিত হয়।
প্রবন্ধে নড়াইলের ঈর্ষণীয় সাংস্কৃতিক, ক্রীড়া ও ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে জনপদের স্মরণীয় কৃতিসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শিল্পাচার্য এস এম সুলতান, বিশিষ্ট ঔপন্যাসিক ড. নিহাররঞ্জন গুপ্ত, জননেতা সৈয়দ নওশের আলী, অমর সুরকার কমল দাশগুপ্ত, বিশিষ্ট তবলাবাদক প্রতাপচন্দ্র ভট্টাচার্য, কবিগানের দিকপাল কবিয়াল বিজয় সরকার, জারিগানের ছন্দযাদুকর জারিসম্রাট মোসলেম উদ্দিন, পটচিত্র শিল্পী নিখিল চন্দ্র দাস এবং পটগানকে বিশ্বমঞ্চে পরিচিতকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব স্বপন কুমার গুহ।
অনুষ্ঠানের উদ্বোধক নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ‘নজরুল চেতনা’ নিয়ে আলোচনাকালে বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, মানবতা ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে একটি আলোকিত সমাজ গঠন করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ছায়েম আলি খান সংস্কৃতির সহজ সাবলীল ব্যাখ্যা দিয়ে বলেন, “যা করলে মানুষ শান্তি ও স্বস্তি পায়, সেটাই তার সংস্কৃতি। একজন মাঝি নৌকা বাইতে বাইতে গান গেয়ে যে শক্তি ও প্রেরণা পান, সেটিও এই জনপদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।”
বিশেষ অতিথির বক্তব্যে রূপান্তরের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কুমার গুহ নড়াইলের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বড় পরিসরে রাষ্ট্রীয় উদ্যোগের আহ্বান জানান। তিনি চিত্রশিল্পী শিল্পাচার্য এস এম সুলতানের নামে নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঐতিহ্যবাহী ‘অষ্টক গান’ নিয়ে জাতীয় পর্যায়ে গবেষণার জোর দাবি জানান।
অন্যদিকে, চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস. এম. আকরাম শাহীদ বলেন, নড়াইল একটি সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল এবং এই ঐতিহ্য রক্ষা ও লালনের প্রথম দায়িত্ব নড়াইলবাসীরই।
আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য ও স্মৃতিচারণ করেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীনা রাজীব আহম্মদ, জনপ্রিয় পত্রিকা 'নড়াইলকণ্ঠ'-এর সম্পাদক কাজী হাফিজুর রহমান, বিশিষ্ট কবি জনাব ইমরান, বর্ষীয়ান যাত্রা অভিনেতা আব্দুর রহমান এবং বিশিষ্ট কবি আবু আক্কাছ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নড়াইলের কৃতিসন্তান বিশিষ্ট কবি জনাব হুসাইন বিল্লাহ্ কর্তৃক জাতীয় কবির অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার প্রাণবন্ত আবৃত্তি, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের দারুণভাবে মুগ্ধ করে।
সভাপতির বক্তব্যে জেলা সরকারি গ্রন্থাগারের ইনচার্জ মাসুদ রানা জানান, নতুন প্রজন্মকে বইমুখী, চিন্তাশীল ও নিজ ঐতিহ্য সম্পর্কে সচেতন করে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় শিল্পীদের নিখুঁত ও মনোজ্ঞ পরিবেশনায় পরিবেশিত হয় নড়াইলের শতবর্ষী লোকঐতিহ্য ‘অষ্টক গান’, যা পুরো মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।
news@26banglatv.com