সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যার প্রধান আসামিসহ আরও ২ জন গ্রেফতার
২৬ বাংলা টিভি 04-Jul-2026 20
নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যার প্রধান আসামিসহ আরও ২ জন গ্রেফতার
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদরের বাঁশগ্রামের মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী আনোয়ার হোসেন (৩২) হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৩ জুলাই) রাতে যশোর ও ফরিদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দু’জনকে গ্রেফতার করে র্যাব-৬ এর যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্প।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে ফরিদপুরের বোয়ালমারী থানার জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি, নড়াইল সদরের উত্তর খলিশাখালী গ্রামের নিভাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎকে (২৫) গ্রেফতার করা হয়। এছাড়া একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের ঝিকরগাছা থানার মিশ্রী দেয়াড়া এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি অপূর্বকে (উত্তর খলিশাখালী গ্রামের অনাধি বিশ্বাসের ছেলে) গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত শুক্রবার ভোরে যশোরের বাঘারপাড়া থানার নারকেলবাড়িয়া থেকে মামলার ৪ নম্বর আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ। আকাশ উত্তর খলিশাখালী গ্রামের প্রভাষ বিশ্বাসের ছেলে। তবে মামলার এজাহারনামীয় আরও দুই আসামি এখনো পলাতক রয়েছে।
ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হন মানসিক প্রতিবন্ধী আনোয়ার। ওই রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অভিযোগ ওঠে, ওই দিন রাতে চোর সন্দেহে উপজেলার উত্তর খলিশাখালী গ্রামের প্রসেনজিৎ, সৌরভ, অপূর্ব, আকাশ ও হৃদয়সহ কয়েকজন আনোয়ারকে প্রসেনজিতের বাড়ির সামনে গাছের সঙ্গে বেঁধে সারারাত নির্মম নির্যাতন চালায়। একপর্যায়ে প্রধান আসামি প্রসেনজিৎ আনোয়ারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং অন্যরা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করেন। এমনকি তার শরীরে বিড়ির আগুনের ছ্যাঁকা দেওয়া এবং পাকারাস্তার ওপর টেনেহিঁচড়ে নির্যাতন করা হয়। সরকারি প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগী আনোয়ারের অসহায়ত্বকেও তোয়াক্কা করেনি ঘাতকেরা।
পরদিন ২৫ জুন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গত ২৯ জুন দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টার দিকে মারা যান আনোয়ার।
এই নির্মম হত্যাকাণ্ডের পর গত ২৯ জুন দুপুরে নড়াইল সদর থানায় নিহতের বড় ভাই নবীর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ভাইয়ের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে নবীর হোসেন বলেন,
"আনোয়ার মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। ঘটনার দিনও সে বের হয়ে আর ফেরেনি। তাকে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। অনেক চেষ্টা করেও ছোট ভাইকে বাঁচাতে পারলাম না। আমি জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার চাই।"
এদিকে আনোয়ারের হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার আইনে ফাঁসির দাবিতে গত ২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে নড়াইল-কালিয়া সড়কের বাঁশগ্রাম এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মিলন মোল্যা, আমিরুল ইসলাম, নিহতের ভাইপো মাহমুদ মোল্যা, ভাই হাফিজুর মোল্যা ও মতিয়ার মোল্যাসহ অনেকে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ রকিবুল হাসান জানান, বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। আনোয়ার হত্যাকাণ্ডের ন্যায়বিচারে পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনি সহযোগিতা নিশ্চিত করা হবে।
news@26banglatv.com