সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 23-Jun-2026 18
নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং নড়াইল সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ।
সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব এবং তা সফলভাবে বাস্তবায়নের ওপর দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আলিফ নূর এবং জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী।
অনুষ্ঠানে ক্যাম্পেইনের সার্বিক লক্ষ্যমাত্রা, কর্মপরিকল্পনা ও মূল ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী।
সভায় বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। জেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মী ও স্বেচ্ছাসেবীসহ সংশ্লিষ্ট সকলকে শতভাগ দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
news@26banglatv.com