সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলের লোহাগড়ায় মাদকের ভয়াবহ আগ্রাসন,এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন
২৬ বাংলা টিভি 14-Jun-2026 22
নড়াইলের লোহাগড়ায় মাদকের ভয়াবহ আগ্রাসন,এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া পৌরসভায় মাদকের ভয়াবহ বিস্তার ও মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। মাদকের গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং নিরাপদ সমাজ গড়ার দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার (১৪ জুন) দুপুরে কালনা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বর্তমানে মাদকের আগ্রাসন ভয়াবহ ও উদ্বেগজনক আকার ধারণ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, লোহাগড়া থানার একেবারে কোল ঘেঁষেই এই ৬ নম্বর ওয়ার্ডের অবস্থান। পুলিশ প্রশাসনের নাকের ডগায় কীভাবে মাদক কারবারিরা এমন দেদারসে ও প্রকাশ্য দিবালোকে মাদক বিক্রি করছে, তা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের সঠিক নজরদারির অভাবে এলাকায় দিন দিন মাদকসেবী ও চিহ্নিত মাদক কারবারিদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাদকের এই সিন্ডিকেট ভেঙে দিতে তারা অবিলম্বে পুলিশ প্রশাসনের কঠোর ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীর এই প্রতিবাদী সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন, লোহাগড়াপৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, সমাজ সেবক কেএম হাবিবুল্লাহ বেলালী,মাহবুবুর রহমান লিটন,কেএম জিবন জিয়া প্রমুখ।
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি দ্রুত যদি লোহাগড়াকে মাদক মুক্ত করা না হয় এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা না হয়, তবে আগামীতে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ তোরণগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা পেশার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
news@26banglatv.com