সারা বাংলা খুলনা যশোর
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনি ও সহযোগী গ্রেফতার
২৬ বাংলা টিভি 26-May-2026 37
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনি ও সহযোগী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।।
যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান ওরফে অনি ও তার সহযোগী তানভীর আহম্মেদকে অস্ত্র, গুলি ও ফোল্ডিং চাকুসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর।
রবিবার (২৫ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারির টোং ঘরের সামনে ভেড়িবাঁধের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানিয়েছেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) সুজন কুমার মন্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে অনিক হাসান অনি (২৮) ও তানভীর আহম্মেদ (২৫) কে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে অনিক তার কাছে অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করলে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সময়ে তানভীরের পরিহিত প্যান্টের পকেট থেকে একটি ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অনিক হাসান অনি যশোরের নাজির শংকরপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা এবং ৭টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তানভীর আহম্মেদের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ১. অনিক হাসান ওরফে অনি (২৮), পিতা- আলতাফ হোসেন ওরফে আলতু, সাং- নাজির শংকরপুর, কোতোয়ালী মডেল থানা, যশোর। ২. তানভীর আহম্মেদ (২৫), পিতা- তরিকুল ইসলাম, সাং- চাঁচড়া রায়পাড়া ৬ নম্বর ওয়ার্ড, কোতোয়ালী মডেল থানা, যশোর।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ফোল্ডিং বার্মিজ চাকু।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
news@26banglatv.com