সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, অবৈধ সীমান্ত পারাপারকারী আটক
২৬ বাংলা টিভি 17-May-2026 25
মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, অবৈধ সীমান্ত পারাপারকারী আটক
(ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ অবৈধভাবে সীমান্ত পারাপারকালে দুইজনকে আটক করেছে। রোববার (১৭ মে) মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিজিবির মাদক বিরোধী ও সীমান্ত সুরক্ষা অভিযানের অংশ হিসেবে গত দুই দিনে এই অভিযানগুলো পরিচালিত হয়।
১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার: গত ১৬ মে রাত আনুমানিক ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৩/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের জনৈক হাবিবের পুকুর পাড়ের দক্ষিণ পাশে একটি অভিযান চালানো হয়। হাবিলদার মোঃ ওয়াহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: এদিকে আজ ১৭ মে দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে মেদিনীপুর বিওপির একই টহল দল সীমান্ত পিলার-৬৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের আকবরের বাঁশ বাগানের মধ্যে অপর একটি অভিযান পরিচালনা করে। হাবিলদার মোঃ ওয়াহিদুর রহমানের নেতৃত্বেই এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অবৈধ সীমান্ত পারাপারকারী আটক: আজ ১৭ মে সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ৬০/২০-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ভুট্টা ক্ষেতের পাশ থেকে হাবিলদার মোঃ জামালের নেতৃত্বে নিয়মিত টহল দল অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ২ জন নাগরিককে আটক করে।
আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আটককৃত পুরুষ ব্যক্তি হলেন নড়াইল সদর থানার বাঁশভিটা (পশ্চিমপাড়া, ডাকঘর-মূলিয়া) গ্রামের বিমল কুমার বিশ্বাসের ছেলে কাজল কুমার বিশ্বাস (৬২)। আটককৃত অপরজন একজন বাংলাদেশী নারী।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় এবং মাদক চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
news@26banglatv.com