সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
চাঁদা না পেয়ে ব্যবসায়ী অপহরণ, সিরাজগঞ্জে যুবদল নেতাসহ আটক ২
২৬ বাংলা টিভি 06-May-2026 49
চাঁদা না পেয়ে ব্যবসায়ী অপহরণ, সিরাজগঞ্জে যুবদল নেতাসহ আটক ২
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে ধানগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—স্থানীয় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং তার সহযোগী রাকিব (২৪)।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী মাহবুবুল আলম বগুড়ার শেরপুরে বালুর ব্যবসার সঙ্গে জড়িত। অভিযুক্ত স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়।
গত ২ মে ভোরে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় মাহবুবুল আলমকে আটকে মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রথমে ঝাপড়া এলাকার একটি বালুর ঘাটে এবং পরে ব্রহ্মগাছা বাজারের একটি ভবনে আটকে রাখা হয়।
অভিযোগ রয়েছে, আটকে রাখার সময় ভুক্তভোগীর পরিবারের কাছে ফোন করে আরও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, “অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে সবুজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
news@26banglatv.com