জাতীয়
নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী
২৬ বাংলা টিভি 27-Apr-2026 17
নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:
নারীদের রান্নার কাজ সহজ করতে এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী–যদুনাথপুর খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীরা যাতে সহজে জ্বালানি সুবিধা পেতে পারেন, সে জন্য এলপিজি কার্ড চালুর উদ্যোগ নেয়া হবে।
এ সময় তিনি আরও জানান, মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনাও সরকারের রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তারেক রহমান আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার রাজনীতি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দেশ গঠনের সময় এসেছে। আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কল-কারখানা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় খাল পুনর্খনন কাজে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে জনগণের উন্নয়নমূলক কর্মসূচিতে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
জনগণের লুণ্ঠিত অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে অতীতের মতোই জনগণ তার জবাব দেবে। সরকারের দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।
news@26banglatv.com