সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে বিশৃঙ্খলা ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে জরিমানা
২৬ বাংলা টিভি 17-Apr-2026 35
চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে বিশৃঙ্খলা ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে জরিমানা
রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি নির্দেশনা অনুযায়ী 'ফুয়েল কার্ড' ও 'কৃষক কার্ড'-এর মাধ্যমে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে তেল সংগ্রহকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইন অমান্য করায় দুটি ফিলিং স্টেশনে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন পাম্প পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা গ্রাহকদের ভিড়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিয়ম বহির্ভূতভাবে তেল সংগ্রহের চেষ্টা করায় তাদের নিবৃত্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
হক ফিলিং স্টেশনে লাইন ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় মরহুম রবিউল ইসলামের ছেলে আব্দুল হামিদকে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এনামুল হক ফিলিং স্টেশনে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র এবং হেলমেট না থাকায় নতিডাঙ্গা গ্রামের সাব্বিরকে (১৮) ৯২/১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও আলিহাট নগরের মহেন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে অবৈধভাবে পেট্রোল ইঞ্জিন থেকে তেল নামিয়ে মোটরসাইকেলে নেয়া সময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকেও সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম।
এদিকে সকাল থেকেই উপজেলা প্রশাসনের কঠোর তদারকিতে প্রকৃত কৃষকদের মাঝে 'কৃষক কার্ড'-এর মাধ্যমে ডিজেল বিতরণ করা হচ্ছে। শৃঙ্খলা রক্ষায় ফিলিং স্টেশনগুলো থেকে নির্ধারিত মাপে তেল দেওয়া হচ্ছে। বাস ও ট্রাকে সর্বোচ্চ ৫০ লিটার ডিজেল। ট্রাক্টর ও অন্যান্য যানবাহনে সর্বোচ্চ ৩০ লিটার ডিজেল দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং কালোবাজারি বন্ধে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সাধারণ গ্রাহক ও কৃষকদের লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধারণ করে তেল সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
news@26banglatv.com