Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

চকরিয়ায় বালু উত্তোলনের সংবাদ সংগ্রহে গিয়ে ৩ সাংবাদিকের ওপর হামলা

২৬ বাংলা টিভি   24-Feb-2026   52

Photo

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের চকরিয়া উপজেলাজুড়ে চলছে বালু খেকোদের দৌরাত্ম্য। বিভিন্ন ছড়াখাল ও মাতামুহুরী নদী থেকে দিন-রাত সেলো মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব কার্যক্রমের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।

গতকাল (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভান্ডারির ডেবা এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে সরেজমিন প্রতিবেদন করতে যান তিন সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক কালের কণ্ঠ–এর ছোটন কান্তি নাথ, আমার দেশ–এর ইকবাল ফারুক ও দৈনিক দৈনিক সংবাদ–এর জিয়াবুল হক।

অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছানোর পরই বালু খেকোদের একটি দল অতর্কিত হামলা চালায়। এতে তিন সাংবাদিক গুরুতর আহত হন। তাঁদের মধ্যে জিয়াবুল হকের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দুই সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভান্ডারির ডেবা এলাকার একটি ছড়াখালে সেলো মেশিন বসিয়ে রাতদিন বালু উত্তোলন করছেন নাজেম উদ্দিন নামের এক ব্যক্তি। পরে রাতের আঁধারে ট্রাকযোগে এসব বালু বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা ভয়ে এ বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ভারী ট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

আরও জানা গেছে, সংশ্লিষ্ট ছড়াখাল থেকে বালু উত্তোলনের জন্য নাজেম উদ্দিন সরকারিভাবে অনুমতি পেলেও নির্ধারিত শর্ত ভঙ্গ করে অতিরিক্ত এলাকা থেকে সেলো মেশিনের মাধ্যমে বালু তুলছেন। যা ইজারার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ।

আহত সাংবাদিক ইকবাল ফারুক বলেন, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গেলে নাজেম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

“আমরা কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা আমাদের অবরুদ্ধ করে রাখা হয়। কথা বলার সুযোগ পর্যন্ত দেয়নি,” বলেন তিনি।

তিনি আরও জানান, হামলায় জিয়াবুল হকের একটি হাত গুরুতরভাবে জখম হয় এবং তাঁর হাতের হাড় ভেঙে গেছে। অন্য দুই সাংবাদিকও মাথা ও হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কর্মরত সাংবাদিকরা। তবে হামলার প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তকে আটক করা হয়নি বলে অভিযোগ।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, “সাংবাদিকদের মারধরের বিষয়ে কেউ আমাকে অবগত করেনি। লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলায়ার বলেন, “সাংবাদিকদের ওপর হামলা চরম অন্যায়। কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয়। এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত