সারা বাংলা খুলনা ঝিনাইদহ
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কালীগঞ্জে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে জরিমানা
২৬ বাংলা টিভি 20-Feb-2026 32
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কালীগঞ্জে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে জরিমানা
হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে টানা দ্বিতীয় দিনের মতো বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজানকে কেন্দ্র করে যেন কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে, সেজন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে। এ সময় বিভিন্ন মুদি ও ফল ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
মনিটরিংকালে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় দুইজন ফল আমদানিকারককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তাদের স্বার্থবিরোধী কার্যকলাপ বরদাশত করা হবে না বলেও সতর্ক করা হয়। এ সময় কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ব্রাম্মা আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার মনিটরিং কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির মাধ্যমে রমজানজুড়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
news@26banglatv.com