Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

প্রথমবারেই এমপি হয়ে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম

২৬ বাংলা টিভি   17-Feb-2026   49

Photo

প্রথমবারেই এমপি হয়ে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম


মোংলা প্রতিনিধি

প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েই একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়–এর দায়িত্ব লাভ করেছেন। প্রথমবারের সংসদ সদস্য হিসেবে একসঙ্গে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উপকূলীয় জনপদ মোংলা-রামপালসহ পুরো বাগেরহাট জেলায় বইছে আনন্দের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে নবনিযুক্ত এই মন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা—এ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষা, আইনের শাসন ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।

দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি উপকূলীয় পরিবেশ রক্ষা, শিক্ষা-স্বাস্থ্য সহায়তা এবং দুর্যোগকালে মানবিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য অসহায় মানুষকে সহযোগিতা করায় এলাকাবাসীর কাছে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি পান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের জনসম্পৃক্ততা, পরিবেশবাদী অবস্থান এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণেই তিনি এই বিজয় অর্জন করেন।

মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, “আমরা ধারণা করেছিলাম তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তবে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।”

মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, “মোংলা-রামপালবাসী বিপুল ভোটে বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলামকে নির্বাচিত করে আমাদের নেতা তারেক রহমান–এর প্রতি আস্থা প্রকাশ করেছে। আমাদের নেতা যথাযথ মূল্যায়নের মাধ্যমে তাঁকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপকূলীয় ও সুন্দরবনসংলগ্ন একটি আসনের প্রতিনিধির হাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ সময়োপযোগী পদক্ষেপ। পাশাপাশি আইন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা ও তাঁর রাজনৈতিক গুরুত্বের বিষয়টি স্পষ্ট হয়েছে।

মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নুর আলম শেখ বলেন, এখন মোংলা-রামপালবাসীর প্রত্যাশা—তাঁর নেতৃত্বে উপকূলীয় উন্নয়ন ত্বরান্বিত হবে, সুন্দরবন ও পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে, আইনের শাসন জোরদার হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত