সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনাবাহিনীর হেফাজতে নিহত
২৬ বাংলা টিভি 13-Jan-2026 48
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনাবাহিনীর হেফাজতে নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনাবাহিনীর হেফাজতে নিহত হয়েছেন। অস্ত্র উদ্ধারের নামে তাকে আটক করে অমানুষিক নির্যাতন করায় তিনি সোমবার (১২ জানুয়ারী ) দিনগত রাত সাড়ে ১২টার পর সেনা হেফাজতে নিহত হন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মরদেহ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। সেনাবাহিনীর দাবি, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। জীবননগর উপজেলা শহরে উত্তেজনাকর পরিস্থিতিতে জনরোষের শিকার হয়েছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, রাত ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে তাকে সেনা হেফাজতে নেয়া হয়। রাত প্রায় ১টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) বেলা ১১টা পর্যন্ত বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে।
নিহত ডাবলুর ভাই জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল, বিলাপ করতে করতে বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।
জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন বলেন,শনিবার (১২ জানুয়ারী) দিনগত রাতে তাদের চার ভাইকে সেনাবাহিনীর সদস্যরা নির্যাতন এবং বেধড়ক মারধর করে।
এ বিষয়ে ক্যামেরার সামনে সেনাবাহিনীর কোনো সদস্য কথা বলতে রাজি হয়নি। তবে তাদের দাবি, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে রাত ৩টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন বিজিএমইয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনগত ব্যবস্থা নেব।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সারারাত সেনাবাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়।
এদিকে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাননি জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ।
উল্লেখ্য,চুয়াডাঙ্গা সেনবাহিনী ক্যাম্পে নিয়জিত ক্যাপ্টেন সৌমিকসহ অন্যান্য সেনা সদস্য কোন ব্যক্তির কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে গেলে তাদের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও শারীরিক মানসিক নির্যাতন করে বলে অভিযোগ রয়েছে।
news@26banglatv.com