সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
আচরণবিধি লঙ্ঘন : মাদ্রাসার সুপারকে ১০ হাজার টাকা জরিমানা
২৬ বাংলা টিভি 01-Jan-2026 46
আচরণবিধি লঙ্ঘন : মাদ্রাসার সুপারকে ১০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি মাদ্রাসার সুপারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ইউসুফ আলী (৪৫)-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের একটি সভা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫-এর ২০(খ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ২৭ ধারা অনুযায়ী মাদ্রাসার প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক সভা, সমাবেশ কিংবা প্রচারণায় যুক্ত হতে পারেন না। কিন্তু ওই মাদ্রাসার সুপার নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সভা আয়োজন করায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক কয়েকজন নারী মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে নির্বাচনী বিষয়ক আলোচনা ও রাজনৈতিক বক্তব্য দেন। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা পুলিশ প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
news@26banglatv.com