Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনেই লড়বে গণঅধিকার পরিষদ

২৬ বাংলা টিভি   22-Dec-2025   37

Photo

বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনেই লড়বে গণঅধিকার পরিষদ


নিউজ ডেস্কঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো জোট বা সমঝোতা নয়, বরং এককভাবে দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের প্রার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই সিদ্ধান্তের ফলে ঝিনাইদহ-২ আসনে বিএনপির সমর্থনে এমপি হওয়ার যে সম্ভাবনা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের ছিল, তা এখন অনিশ্চয়তার মুখে পড়ল।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২১ ডিসেম্বর) বিএনপির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন গণঅধিকার পরিষদের নেতারা। বৈঠকে গণঅধিকার পরিষদ ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দেয়। কিন্তু বিএনপি পটুয়াখালী-৩ (নুরুল হক নুর) এবং ঝিনাইদহ-২ (রাশেদ খান)—এই দুটি আসনে ছাড় দেওয়ার আশ্বাস দিলেও বাকি আসনগুলোর বিষয়ে কোনো সদুত্তর দেয়নি।

বিএনপির এই দুই সিটের প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেনি গণঅধিকার পরিষদের মাঠ পর্যায়ের নেতারা। আজকের নির্বাহী কমিটির সভায় উপস্থিত মনোনয়নপ্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা অভিমত দেন যে, মাত্র দুটি আসনে সমঝোতা করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। বরং এককভাবে লড়ে তারা একটি “বিকল্প রাজনৈতিক শক্তি” হিসেবে নিজেদের জানান দিতে চান।

ঝিনাইদহ-২ আসনে রাশেদ খানকে বিএনপির পক্ষ থেকে জনসংযোগের জন্য প্রাথমিক সবুজ সংকেত দেওয়া হলেও আসন সমঝোতা না হওয়ায় পরিস্থিতি বদলে গেছে। এখন রাশেদ খানকে এই আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে লড়াই করেই জয়ের পথে হাঁটতে হবে, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেশ কঠিন একটি চ্যালেঞ্জ।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত দলের মনোনয়নপত্র বিতরণ চলবে। ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসানসহ শীর্ষ নেতারা। তারা দেশের মানুষের কাছে ‘ট্রাক’ প্রতীকে ভোট দিয়ে একটি নতুন ধারার রাজনীতিকে জয়ী করার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত