সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার
টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
২৬ বাংলা টিভি 19-Dec-2025 59
টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
জসিম সিদ্দিকী, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মর্টারের শেল, হ্যান্ড গ্রেনেড ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ ডিসেম্বর) রাতভর বিশেষ অভিযানে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড় এবং বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভসংলগ্ন পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি সশস্ত্র ডাকাত দল অস্থায়ী ঘাঁটি গড়ে তুলে অপহরণ, গুম, হত্যাকাণ্ড ও মানব পাচারসহ নানা অপরাধে জড়িত ছিল। এসব দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের সঙ্গেও সম্পৃক্ত বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এ অবস্থায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বেশ কিছুদিন ধরে ওইসব ডাকাত দলের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে জানা যায়, রঙ্গীখালী পাহাড় এলাকায় কয়েকজন ডাকাত অস্ত্রসহ অবস্থান করছে। এরপর ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল তিন স্তরের কৌশলগত অবস্থান গ্রহণ করে অভিযান শুরু করে। একটি দল সীমান্ত এলাকায়, একটি দল রঙ্গীখালী পাহাড়ে এবং আরেকটি দল কক্সবাজারগামী মেরিন ড্রাইভ এলাকায় অবস্থান নেয়।
বিজিবি সূত্র জানায়, রাত আনুমানিক পৌনে ১১টার দিকে রঙ্গীখালী পাহাড়ে ডাকাত দলের সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করা যায়। এলাকাটি ঘিরে ফেলা হলে ডাকাত দলটি বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতরা তাদের অস্থায়ী ঘাঁটি ছেড়ে পাশের আরেকটি পাহাড়ে পালিয়ে যায়।
পরে ওই অস্থায়ী ঘাঁটিতে তল্লাশি চালিয়ে একটি জি-৩ রাইফেল, জি-৩ রাইফেলের অংশবিশেষ ও ম্যাগাজিন, চারটি ওয়ান শুটার গান, একটি এলজি শুটার গান, একটি এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে-২), একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), দুটি সিলিং, তিনটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, একটি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, হাতবোমা তৈরির ১০টি উপকরণ, আটটি চাপাতি, পাঁচটি ছুরি, একটি কাঁচি এবং মোট ৩০২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন অস্ত্রের ৫৪ রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা এসব অস্ত্র ব্যবহার করে ডাকাত দলটি এলাকায় বিভিন্ন গুরুতর অপরাধ চালিয়ে আসছিল। বিজিবি জানায়, এসব অপরাধ দমনে এ অভিযান চালানো হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র আরও জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকে সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রেখে আসছে। সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
news@26banglatv.com