সারা বাংলা সিলেট মৌলভীবাজার
মৌলভীবাজারে বিএনপির প্রার্থী চূড়ান্ত ঘোষণার পর আনন্দে মুখর নেতাকর্মীরা
২৬ বাংলা টিভি 04-Nov-2025 60
মৌলভীবাজারে বিএনপির প্রার্থী চূড়ান্ত ঘোষণার পর আনন্দে মুখর নেতাকর্মীরা
মৌলভীবাজার প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে মৌলভীবাজারের চারটি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে অভিনন্দন বার্তা ও শুভেচ্ছা জানাতে শুরু করেন মৌলভীবাজার জেলার চারটি আসনের নেতাকর্মীরা। তাৎক্ষণিকভাবে রাতে কুলাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহর এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার চারটি আসনে প্রার্থী হলেন যারা : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু। মৌলভীবাজার-২ (কুলাউড়া) উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর উপজেলা) সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।
মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমদ নিপারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান ও সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় শওকতুল ইসলাম শকু জানান, মৌলভীবাজার-২ আসনে বিএনপির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন সবার সহযোগিতা ও দলীয় ঐক্যই সবচেয়ে জরুরি। প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করে আমাকে সহায়তা করবেন এটাই প্রত্যাশা।
মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান এক প্রতিক্রিয়ায় জানান, ফ্যাসিস্ট আমলে দলের নেতাকর্মী নিয়ে মাঠের আন্দোলনে সক্রিয় ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছে। সে জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের হাই কমান্ডের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে অতীতের মতো দলীয় নেতাকর্মীসহ সকলের সর্মথন, সহযোগিতা, দোয়া ও আশির্বাদ প্রত্যাশা করেন।
news@26banglatv.com