সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আনোয়ারের পরিবারের পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ, খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান
২৬ বাংলা টিভি 30-Oct-2026 9
কালীগঞ্জে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আনোয়ারের পরিবারের পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ, খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের দরগাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া আনোয়ার হোসেনের অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দশা লাঘবে তিনি চাল ও নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় উপজেলার ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেনের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এ সময় তিনি পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের বর্তমান পরিস্থিতি ও দুর্ভোগের খোঁজখবর নেন।
পরে অসহায় পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের হাতে খাদ্যসহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ তুলে দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন মানবিক সহযোগিতা পেয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারটি।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় আনোয়ার হোসেনের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে ঘরে থাকা দুটি স্বর্ণের চেইন, চারটি স্বর্ণের আংটি, একটি নেকলেস, দুই জোড়া কানের দুল, একটি ব্রেসলেট ও নগদ ২০ হাজার টাকাসহ আসবাবপত্র, চাল-ডাল, জামাকাপড় এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।
হঠাৎ ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই ও সহায়সম্বল হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে আনোয়ার হোসেনের পরিবার।
এমন সংকটময় মুহূর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি উপস্থিতি, সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা পরিবারটির জন্য আশার সঞ্চার করেছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন
“অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও সহায়সম্বল হারানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দশার কথা জানতে পেরে আমরা তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে খাদ্যসহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
news@26banglatv.com