সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
২৬ বাংলা টিভি 28-Sep-2026 11
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
নড়াইল প্রতিনিধি: নড়াইলে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উদযাপিত হয়েছে। সরকারি ও বেসরকারি দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সহজে তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিবসের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তারা তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় বক্তারা বলেন, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এবং জনসেবাকে আরও গতিশীল করতে তথ্য অধিকার আইনের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি প্রতিটি দপ্তরে সেবাপ্রার্থীদের সহজ উপায়ে তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নুর এ আলম সিদ্দিকি, নড়াইল জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাভলু এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানি মজুমদার।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
news@26banglatv.com