সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
টুকুর হুঁশিয়ারি: হুমকি-ধামকি দিয়ে বিএনপি সরকারকে সরানো যাবে না
২৬ বাংলা টিভি 26-Sep-2026 7
টুকুর হুঁশিয়ারি: হুমকি-ধামকি দিয়ে বিএনপি সরকারকে সরানো যাবে না
সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কোনো ধরনের হুমকি-ধামকি দিয়ে সরানো যাবে না। জনগণ যতদিনের জন্য দায়িত্ব দিয়েছে, ততদিন সরকার দায়িত্ব পালন করবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি ও সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
জামায়াতের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একসময় বিএনপি-জামায়াত বলা হলেও ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর হাজারীবাগের একটি জনসভায় তিনি ‘আওয়ামী-জামায়াত’ শব্দটি ব্যবহার করেছিলেন। সে সময় তাঁর বক্তব্য নিয়ে দলের অনেক সহযোদ্ধা অসন্তুষ্ট হয়েছিলেন বলেও জানান তিনি।
টুকুর দাবি, জুলাই আন্দোলনের পর জামায়াতের সঙ্গে যুক্ত অনেকের অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের কেউ ছাত্রলীগ, কেউ যুবলীগ, আবার কেউ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক পরিবর্তনের পর তাঁদের অনেকে নিজেদের বিপ্লবী হিসেবে উপস্থাপন করছেন বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের নেতৃত্বের সমালোচনা করে টুকু বলেন, ক্ষমতার পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। সেখান থেকে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে। জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। কোনো হুমকি বা চাপ সরকারকে তার দায়িত্ব থেকে সরাতে পারবে না।
তারেক রহমানের সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে টুকু বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষের প্রত্যাশা পূরণ এবং জনগণের কল্যাণে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রসঙ্গে টুকু বলেন, কার বিরুদ্ধে মামলা রয়েছে এবং কে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে সরকার অবগত। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, বিএনপি আইনশৃঙ্খলা ও আইনের শাসনে বিশ্বাস করে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বিএনপি নিজস্বভাবে কাউকে ধরে শাস্তি দেবে না বলেও জানান তিনি।
সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এমপি।
এ সময় সিরাজগঞ্জ-১ আসনের এমপি মো. সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের ভিপি আইনুল হক এবং সাবেক সংসদ সদস্য এম আকবর আলীসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
news@26banglatv.com