সারা বাংলা খুলনা ঝিনাইদহ
শেখ হাসিনাকে প্রধান আসামি করে কোটচাঁদপুরে ৫২ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা
২৬ বাংলা টিভি 23-Sep-2026 10
শেখ হাসিনাকে প্রধান আসামি করে কোটচাঁদপুরে ৫২ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে কোটচাঁদপুর থানার এসআই মুজাহিদুল ইসলাম বাদি হয়ে ৫২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০০/১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলায় শেখ হাসিনাসহ জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের আলামত জব্দের ঘটনায় থানার এসআই মুজাহিদুল ইসলাম বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় পৃথক অভিযান চালিয়ে ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায় সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও’তে দেখা যায় কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫-২০ জন ব্যানার নিয়ে মিছিল করছেন।
পুলিশের দাবি, ২১ সেপ্টেম্বর ভোরে কোটচাঁদপুর শহরের কলেজ বাস স্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে ১০-১৫জন লোক নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৮টি লাঠি জব্দ করে। যা মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে।
news@26banglatv.com