সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় নানাবাড়িতে সাপের কামড়ে ৭ বছরের শিশুর করুণ মৃত্যু
২৬ বাংলা টিভি 22-Sep-2026 18
ঝিনাইদহের শৈলকুপায় নানাবাড়িতে সাপের কামড়ে ৭ বছরের শিশুর করুণ মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে হরিহরা গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল মরিয়ম। সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে মায়ের পাশেই এক ঘরে ঘুমিয়ে ছিল সে। মধ্যরাতের দিকে কোনো এক সময় একটি বিষধর সাপ তার শরীরে ছোবল দেয়। তবে ঘুমন্ত অবস্থায় বিষয়টি শিশুটি বা তার পরিবার তাৎক্ষণিকভাবে টের পায়নি।
ভোররাতের দিকে শারীরিক অসুস্থতা ও প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে মরিয়ম কান্নাকাটি করে ওঠে। স্বজনরা শরীর ও পায়ের চিহ্ন দেখে সাপের কামড়ের বিষয়টি আঁচ করতে পারেন। দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনা হয় বেশ কিছুটা দেরিতে। তার শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল। চিকিৎসকরা বিষমুক্ত করার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত শিশুটিকে রক্ষা করা সম্ভব হয়নি।
এদিকে অবুঝ শিশুর এমন আকস্মিক মৃত্যুর খবরে হরিহরা ও তার নিজ গ্রাম পুরাতন বাখরবায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেছেন, গ্রামাঞ্চলে বর্ষা ও এর পরবর্তী সময়ে বিষধর সাপের উপদ্রব উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং সাপে কাটলে সময় নষ্ট না করে অবিলম্বে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর ভরসা না করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
news@26banglatv.com