সারা বাংলা খুলনা যশোর
বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু
২৬ বাংলা টিভি 05-Sep-2026 13
বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু
স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের দরাজহাট গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রতাপ পাল (৪৮) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) তিনটার দিকে
দরাজহাট গ্রামের মধ্যপাড়া এলাকায় মমিন মুন্সীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রতাপ পাল ছাতিয়ানতলা এলাকার প্রেম চন্দ্র পালের ছেলে। তিনি ছাতিয়ানতলা বাজারে ওষুধের দোকান পরিচালনার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতাপ পাল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে হঠাৎ জোরে ব্রেক করেন। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর বাঘারপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বাঘারপাড়া থানার এসআই পবিত্র বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিতে চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল চলে আসায় প্রতাপ পাল হঠাৎ জোরে ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মোল্লা দুর্ঘটনায় পল্লী চিকিৎসক প্রতাপ পালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
news@26banglatv.com