রাজনীতি
রাজপথে কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী
২৬ বাংলা টিভি 04-Sep-2026 7
রাজপথে কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী
নিউজ ডেস্ক: দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিরোধী দলকে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়ার পাশাপাশি সংকট সমাধানে কীভাবে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা যায়, সে বিষয়ে জাতীয় সংসদে পরামর্শ দেওয়া উচিত।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি দেওয়া যেতে পারে। তবে একই সঙ্গে সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থার কথাও বলতে হবে। কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হবে, এর উৎস কোথায় এবং কীভাবে তা সংগ্রহ করা সম্ভব—এসব বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়ে বিরোধী দল সংসদে আলোচনা করতে পারে। সরকারের সমালোচনা করা কিংবা সংসদের বাইরে কর্মসূচি পালন গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। তবে জাতীয় সংকটের সময়ে সমাধানের পথ দেখানোও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।
তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে কোনো ধরনের অচলাবস্থা তৈরি করা উচিত হবে না। বরং সংকট কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে কার্যকর পরিকল্পনা সামনে আনা প্রয়োজন। একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে দেশের অবস্থা আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রিজভী আন্তর্জাতিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা তৈরি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সমস্যা হচ্ছে। তার দাবি, এই সংকট সরকারের নিজস্ব কোনো কারণে সৃষ্টি হয়নি।
জুলাই আন্দোলনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকার কথাও উল্লেখ রিজভী বলেন, ওই সময় গান ও নৃত্যের মতো সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে সাহস জুগিয়েছিল।
news@26banglatv.com