সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে কৃষক মফিজ হত্যা: আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
২৬ বাংলা টিভি 02-Sep-2026 20
নড়াইলে কৃষক মফিজ হত্যা: আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার ভাটগাতি গ্রামের কৃষক মফিজ মোল্যাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নায়েব আলী, সদস্য মোঃ কুবাদ হোসেন এবং নিহতের মেয়ে মনিকা বেগম। মানববন্ধনে বক্তারা নারকীয় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দ্রুত সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানান।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়ার জেরে গত ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে স্বামী মফিজ মোল্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। সম্প্রতি গত শনিবার বিকালে অভিযুক্তদের মধ্যে ঝগড়া শুরু হলে একপর্যায়ে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনা প্রকাশ্যে আসে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা নিহতের স্ত্রী ফাতেমা বেগম ও তার বেয়াই মশিয়ার রহমানকে আটক করে মারধর করে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহত মফিজ মোল্যার মেয়ে মনিকা বেগম বাদী হয়ে গত শনিবার রাতে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৫, তারিখ: ২৯/০৮/২০২৬ খ্রিঃ) দায়ের করেন। মামলায় তার মা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামী করা হয়েছে। গ্রেফতারকৃত ফাতেমা বেগম ও মশিয়ার রহমান ইতোমধ্যে পুলিশের কাছে বালিশ চাপা দিয়ে মফিজ মোল্যাকে হত্যার কথা স্বীকার করেছেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, গ্রেফতারকৃত আসামীরা বর্তমানে জেলহাজতে রয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া অব্যাহত আছে।
news@26banglatv.com