সারা বাংলা খুলনা ঝিনাইদহ
অসুস্থ মেয়ের চিকিৎসার খরচ জোগাতে ইজিবাইকে মাইকিং, পাশে দাঁড়াল Friends Welfare Fund (SSC-2008 & HSC-2010)
২৬ বাংলা টিভি 20-Aug-2026 20
অসুস্থ মেয়ের চিকিৎসার খরচ জোগাতে ইজিবাইকে মাইকিং, পাশে দাঁড়াল Friends Welfare Fund (SSC-2008 & HSC-2010)
মোঃ রাফাত হোসেন: অসুস্থ মেয়ের চিকিৎসার খরচ জোগাতে ইজিবাইকে করে মাইকিং করে মানুষের কাছে সাহায্যের আবেদন করছেন এক অসহায় বাবা। মেহেরপুরের মো. জাহিদ হাসানের ৮ বছর বয়সী মেয়ে জিনিয়া জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে। বর্তমানে সে ট্রাইভেন্ট্রিকুলার হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। মেয়ের চিকিৎসায় প্রয়োজন প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। দরিদ্র বাবার পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব না হওয়ায় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি ছুটছেন মানুষের দ্বারে দ্বারে।
মেহেরপুর সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের গোরস্থানপাড়ার বাসিন্দা মো. জাহিদ হাসান ও মোছা. রুমিয়া খাতুন দম্পতির তিন সন্তানের মধ্যে বড় মেয়ে জিনিয়া। মস্তিষ্কে অতিরিক্ত পানি জমে যাওয়ায় তার মাথার আকৃতি অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে।
জিনিয়ার বাবা জাহিদ হাসান পেশায় একজন রাজমিস্ত্রি। নিজের কোনো বাড়িঘর নেই। বোনের বাড়িতে থেকে দিনমজুরির আয় দিয়ে কোনোমতে সংসার চালান তিনি। পরিবারের ভরণপোষণ চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে মেয়ের চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা জোগাড় করা তার কাছে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
তবে মেয়েকে সুস্থ করে তোলার আশায় হাল ছাড়েননি জাহিদ। জিনিয়াকে নিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল-এ চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জিনিয়ার অপারেশনের সিদ্ধান্ত দেন। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা।
এত টাকা জোগাড়ের উপায় না পেয়ে শেষ পর্যন্ত মেয়েকে সঙ্গে নিয়ে ইজিবাইকে করে মাইকিংয়ের মাধ্যমে চিকিৎসার অর্থ সংগ্রহে বেরিয়ে পড়েন জাহিদ। মেহেরপুরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে মানুষের কাছে মেয়ের চিকিৎসার জন্য সহযোগিতা চান তিনি।
গত ১০ আগস্ট চিকিৎসার সহায়তা সংগ্রহের জন্য জিনিয়াকে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আসেন জাহিদ হাসান। বিষয়টি নজরে আসে কালীগঞ্জের Friends Welfare Fund (SSC-2008 & HSC-2010)-এর সদস্যদের।
পরে সংগঠনের চিকিৎসক সদস্যরা জিনিয়ার মেডিকেল রিপোর্ট যাচাই-বাছাই করেন। পাশাপাশি সংগঠনের সদস্যরা মেহেরপুরে গিয়ে সরেজমিনে জিনিয়ার পরিবারের খোঁজ নিয়ে ঘটনার সত্যতাও যাচাই করেন। এরপর জিনিয়ার চিকিৎসায় সহায়তার জন্য সংগঠনের সদস্য এবং SSC-2008 ও HSC-2010 ব্যাচের বন্ধুদের কাছ থেকে এককালীন ২৫ হাজার টাকা অনুদান সংগ্রহ করা হয়।
আজ ২০ আগস্ট, বৃহস্পতিবার, দুপুর ৩টায় কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের উপস্থিতিতে অসুস্থ শিশু জিনিয়ার হাতে সেই অর্থ তুলে দেন কালীগঞ্জ Friends Welfare Fund (SSC-2008 & HSC-2010)-এর সদস্যরা।
এ সময় সংগঠনের সদস্যরা বলেন, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ জিনিয়ার চিকিৎসায় এগিয়ে এলে হয়তো শিশুটির জীবন বাঁচানো সম্ভব হবে। তাদের মতে, এই সহযোগিতা শুধু অর্থের সহায়তা নয়, এটি অসহায় একটি পরিবারের জন্য আশার আলো।
অর্থ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জিনিয়ার বাবা মো. জাহিদ হাসান। মেয়ের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় Friends Welfare Fund এবং SSC-2008 ও HSC-2010 ব্যাচের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জাহিদ হাসান বলেন, “আমি গরিব মানুষ। মেয়েকে বাঁচানোর জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এবং যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।”
জিনিয়ার চিকিৎসার জন্য এখনও প্রয়োজন আরও অর্থের। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষ সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অর্থের অভাবে থেমে যাবে না ছোট্ট জিনিয়ার চিকিৎসা। ফিরে আসতে পারে তার স্বাভাবিক জীবন, আর একজন বাবা ফিরে পেতে পারেন সন্তানের মুখের হাসি।
news@26banglatv.com