সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগকে সংগঠিত করার অভিযোগ, পরিষদে তালা
২৬ বাংলা টিভি 18-Aug-2026 9
ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগকে সংগঠিত করার অভিযোগ, পরিষদে তালা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২ নম্বর দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল জলিল বিশ্বাসের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগকে স্থানীয় পর্যায়ে পুনরায় সংগঠিত করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আজমুল হোসেন।
অভিযোগ দায়েরের পর বিক্ষুব্ধ জনতা দোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সারুটিয়া গ্রামের বাসিন্দা মো. আশাদুল ইসলামের ছেলে মো. আজমুল হোসেন (৩২) গত ১৫ আগস্টের একটি ঘটনার প্রেক্ষিতে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগটি করেন। অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস গত ১৫ আগস্ট আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীকে একত্র করে সংগঠনটিকে পুনরায় চাঙ্গা ও সুসংগঠিত করার চেষ্টা করেন।
অভিযোগকারী আজমুল হোসেন বলেন, বিষয়টি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দেখতে পান। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা পুনরায় সংগঠিত হয়ে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগে উল্লেখ করা ১৫ আগস্টের অনুষ্ঠানের ছবি নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে তানজিমুল ইসলাম সাকিব নামের একজন হুজুরকে দেখা যায়। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ছবিটি ২০২৬ সালের নয়; এটি ২০২৩ সালের ১৫ আগস্টের একটি অনুষ্ঠানের ছবি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিল বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে(০১৭২০৪১০০২১) ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
কোটচাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আমজাদ হোসেন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
news@26banglatv.com