Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় আউশের ব্যাপক ক্ষতি, দিশেহারা চাষি, লোকসান কোটি টাকা

২৬ বাংলা টিভি   11-Aug-2026   7

Photo

নড়াইলে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় আউশের ব্যাপক ক্ষতি, দিশেহারা চাষি, লোকসান কোটি টাকা


মোস্তফা কামাল, নড়াইল : অবিরাম বর্ষণ এবং অপরিকল্পিত মাছের ঘের নির্মাণের ফলে সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতায় নড়াইলে বিস্তীর্ণ মাঠের আউশ ধান পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক খাল আটকে ঘের তৈরি এবং সংরক্ষণের অভাবে খাল-নালা ভরাট হয়ে যাওয়ায় সৃষ্ট এই কৃত্রিম জলাবদ্ধতা কৃষকদের ঠেলে দিয়েছে চরম লোকসানে। এতে জেলা জুড়ে চাষীদের ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদার বিল, আন্ধারকোটা বিল, কুচিয়াবাড়ির বিলসহ জেলার বিভিন্ন বিল ও ডোবা ঘুরে দেখা গেছে হৃদয়বিদারক দৃশ্য। বিলের অনেক জায়গায় এখন কোমর থেকে বুকসমান পানি। চোখের সীমানা জুড়ে ফসলের মাঠগুলোতে ধানের বদলে শোভা পাচ্ছে শাপলা, শালুক ও নানা জাতের জলজ আগাছা। ফসলশূন্য ক্ষেতে হাঁসের দলকে ঘুরে বেড়াতে দেখা যায়।
কথা হয় একাধিক কৃষকের সঙ্গে। তারা জানান, অপেক্ষাকৃত নিচু জমিগুলোতে পানি-সহনশীল স্থানীয় জাতের ‘রাতুল আউশ’ চাষের জন্য খুবই উপযোগী। কোমর বা বুকসমান পানিতেও এই জাতের ধান টিকে থাকে এবং পানি বাড়ার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বেড়ে ওঠে। বিগত কয়েক বছর সহনীয় বৃষ্টিপাতের কারণে ধীরে ধীরে পানি বৃদ্ধি পাওয়ায় রাতুল আউশের বাম্পার ফলন হয়েছিল। গত মৌসুমে আশাতীত ফলন ও ভালো দাম পাওয়ায় এবারও চাষিরা ব্যাপক উৎসাহে রাতুল আউশ আবাদে নেমেছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপাশা, বাঁশগ্রাম, নলদী, কোটাকোল, কলাবাড়িয়া, বাঐসোনা, পহরডাঙ্গা, খাশিয়াল, মাইজপাড়া ও সেখহাটীসহ জেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক বিলের নিচু জমিতে বিপুল পরিমাণে আউশ ধানের চাষ করা হয়। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টিতে সেই আশার ধান জলমগ্ন হয়ে পড়ে। এতদিন ধরে পানি জমে থাকায় ধানের সব গাছ পচে নষ্ট হয়ে গেছে। "পানি বের হওয়ার পথ থাকলে এমন ক্ষতি হতো না। খালগুলো আটকে মাছের ঘের করায় পানি সরতে পারছে না। আউশ ধান সব পচে পানিতে শেষ হয়ে গেছে।"
চাষিদের মতে, বর্ষার জমে থাকা বাড়ত পানি দ্রুত নিষ্কাশন করা গেলে এই মহাবিপদ থেকে কিছুটা রক্ষা পাওয়া যেত। জলাবদ্ধতা নিরসনে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘের-ভেড়ি উচ্ছেদ, অবরুদ্ধ খাল-নালা পুনরুদ্ধার এবং বিলের সঙ্গে নদীর সংযোগ স্থাপনকারী সব খাল পুনঃখননের জোর দাবি জানিয়েছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৯ হাজার ১০৭ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছে। অতিবর্ষণে ক্ষয়ক্ষতি সীমিত বলে কৃষি বিভাগ দাবি করলেও চাষিরা তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। কৃষকদের দাবি, বিলের উপরিভাগের সামান্য ফসল বাঁচলেও নিচু এলাকার বেশিরভাগ ফসলই পুরো নষ্ট হয়ে গেছে, যার কারণে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকায় দাঁড়াবে।
বিলের স্থায়ী জলাবদ্ধতাকে চাষাবাদের জন্য বড় হুমকি হিসেবে স্বীকার করে নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান জানান, "জলাবদ্ধতা নিরসনে এবং হারিয়ে যাওয়া খাল-নালা উদ্ধারে কৃষি বিভাগ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে কাজ শুরু করেছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত