সারা বাংলা খুলনা নড়াইল
চাঁদাবাজি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নড়াইল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
২৬ বাংলা টিভি 06-Aug-2026 15
চাঁদাবাজি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নড়াইল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
নড়াইল প্রতিনিধি: সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি দমনে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও জ্বালানি খাতের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণের দাবিতে নড়াইলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬জুলাই ) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে একাধিক জরুরি দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, তীব্র গ্যাস সংকট নিরসন, অবিলম্বে ঘন ঘন লোডশেডিং বন্ধ করা এবং বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনার দাবি জানানো হয়। পাশাপাশি গ্রাহকদের ভোগান্তি সৃষ্টিকারী 'ভূতুড়ে বিল' দেওয়া বন্ধ করার আহ্বান জানানো হয়। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বাজার মনিটরিং জোরদারের জোর দাবি জানানো হয়। একই সাথে অসাধু সিন্ডিকেট, অবৈধ মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতারা। সর্বত্র ছড়িয়ে পড়া চাঁদাবাজি, সন্ত্রাসবাদ এবং সর্বগ্রাসী দুর্নীতি দমনে সরকারকে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের অনুরোধ করা হয়, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও নিরাপত্তাহীনতা সহনীয় পর্যায়ে নেমে আসে।
স্মারকলিপি প্রদানের সময় নড়াইল ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, কর্মপরিষদ সদস্য আইয়ুব হোসেন খান, হেমায়েতুল হক হিমুসহ ঐক্যের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরে বলেন, দেশের সাধারণ মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ-গ্যাসের সংকটে দিশেহারা। অবিলম্বে সরকার যদি এসব গণদাবি মেনে না নেয় এবং বাজার সিন্ডিকেট ভেঙে না দেয়, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য।
তারা আশা প্রকাশ করেন, স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে এই স্মারকলিপি দ্রুত প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত পৌঁছাবে এবং জনস্বার্থে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
news@26banglatv.com