Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ঢাকা

বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত নেতারা সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তে বাইরে নির্বাচন করার কারনে

২৬ বাংলা টিভি   12-Jun-2026   37

Photo

বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত নেতারা সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তে বাইরে নির্বাচন করার কারনে


ঢাকা অফিস :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির অন্তত ১৯০ জন নেতা। তাদের সবাইকে বহিষ্কার করা হয়। এখন সেই নেতাদের একটি বড় অংশ দলে ফিরতে চান।

সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছয়জন ইতোমধ্যেই বিএনপি চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে গত নির্বাচনের তপশিল ঘোষণার আগ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। দলের মধ্যে বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

দলটির দপ্তর সূত্রে জানা যায়, এই সময়ের মধ্যে ২ হাজার ৬০০-এরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। যদিও নির্বাচনের ঠিক আগে বহিষ্কৃতদের একটি ক্ষুদ্র অংশকে দলে ফেরানো হয়েছিল।

দ্বিতীয় ধাপে নির্বাচনকেন্দ্রিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে আরও দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত অন্তত ১৯০ জনের মধ্যে অনেকেই কেন্দ্র ও তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে আসীন ছিলেন। এই স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগ পরাজিত হলেও শেষ পর্যন্ত সাতজন বিজয়ী হন।

দৌড়ঝাঁপ স্বতন্ত্র এমপিদের

বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের একাধিকবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে ধানের শীষের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন। বহিষ্কৃত হওয়ার পর থেকেই তিনি দলে ফেরার জন্য কেন্দ্রে তদবির চালিয়ে যাচ্ছেন।

আলোচনায় আছেন ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেলও। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত হলেও এখন তিনি দলে ফিরতে চান।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনও বহিষ্কৃত হয়েছেন। দল চাইলে তিনিও ফিরতে আগ্রহী।

ব্রাহ্মণবাড়িয়ার রুমিন ফারহানা ছাড়া বাকি ছয় স্বতন্ত্র সংসদ সদস্য মিলে বিএনপি চেয়ারম্যানের কাছে দলে ফেরার জন্য দুটি পৃথক আবেদন জমা দিয়েছেন।

শুধু নির্বাচিত সংসদ সদস্যরাই নন, দলে ফিরতে চান গত নির্বাচনে পরাজিত হওয়া বহিষ্কৃত নেতারাও। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বহিষ্কৃত হয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। দলে তিনি একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত।

দলে ফেরার বিষয়ে তাইফুল ইসলাম টিপু এশিয়া পোস্টকে বলেন, “বিএনপির সঙ্গে শেষ জীবন পর্যন্ত থাকতে চাই। দল যখন প্রয়োজন মনে করবে, তখনই আমাকে ডাকবে।'

ঢাকা-১২ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা ছিল তার।

রেকর্ড ৪৫৭টি রাজনৈতিক মামলা রয়েছে সাইফুল আলম নীররে বিরুদ্ধে। একাধিকবার যেতে হয়েছে কারাগারে। বহিষ্কৃত হওয়ার পরও বিএনপির বিভিন্ন সভা- সেমিনারে নিজের বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে হাজির হন তিনি।

দলে ফেরার আকুতির কথা জানিয়ে সাইফুল আলম নীরব এশিয়া পোস্টকে বলেন, “শহীদ জিয়ার আদর্শে আমি রাজনীতি করি। বিএনপির বাইরে আমার কোনো ঠিকানা নেই। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত বিএনপিতেই থাকতে চাই।’

ঝিনাইদহ-৪ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন  করে  মাননীয় প্রধানমন্ত্রীর ও দলের চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ অমান্য করে দলীয় প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করে নানান অপরাধ মুলক কার্যকলাপের জন্য  বহিষ্কৃত হন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সহ তার অনুসারীরা । তিনিও দলে ফিরতে চান।সাইফুল ইসলাম ফিরোজ  বলেন, ‘দল আমাদের বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে। আশা করি, আমাদের ত্যাগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্তটি শিগগিরই পুনর্বিবেচনা করবে। বিএনপির বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। একজন সাধারণ কর্মী হিসেবে সারাজীবন এই দলেই রাজনীতি করতে চাই।”

যা ভাবছেন নেতারা

দলে ফেরার অপেক্ষায় থাকা নেতাদের সিংহভাগই গত ১৭ বছর ধরে স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির মূল চালিকাশক্তি ছিলেন। আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে প্রতিনিয়ত মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন তারা।

এমন বাস্তবতায় অপরাধের মাত্রা বিবেচনা করে তাদের পুনরায় দলে ফেরানোর পরামর্শ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের। তিনি এশিয়া পোস্টকে বলেন, “এক-দুই যুগ ধরে যাদের দলে অবদান ও ত্যাগ রয়েছে, তাদের ছোটখাটো যে ত্রুটিগুলো আছে, সেগুলো যদি নীতিনির্ধারকরা সংশোধনযোগ্য মনে করেন, তবে তাদের ফিরিয়ে আনা উচিত। ভবিষ্যতের জন্য একটি কঠোর সতর্কবার্তা দিয়ে তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া যেতে পারে।”

হাইকমান্ডের জন্য অবশ্য সিদ্ধান্ত নেওয়া খুব সহজ নয়। স্বতন্ত্র প্রার্থীদের কারণে অন্তত ছয়টি আসনে বিএনপির হেভিওয়েট ও জোটের জ্যেষ্ঠ নেতারা পরাজিত হয়েছেন। এ ছাড়া ভোট ভাগাভাগির কারণে আরও ১০টি আসনে সামান্য ব্যবধানে হেরেছেন ধানের শীষের প্রার্থীরা। ফলে বহিষ্কৃতদের দলে ফেরানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এশিয়া পোস্টকে বলেন, ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু নিজ দায়িত্বে তাদে সিদ্ধান্ত নিয়েছে। দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। এদের কারণে দলের অনে প্রার্থী পরাজিত হয়েছেন। তারা যদি তাদের ভুল স্বীকার করে আবেদন করে, দল নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবে। আর তারা যদি দলকে সত্যিকার অর্থে ভালোবাসে, অবশ্যই তাদের দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এশিয়া পোস্টকে বলেন, ‘দলে অনেক অবদান থাকার পরও মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যখন কঠোর সাংগঠনিক শাস্তি দিতে হয়। তবে আমি আবারও বলছি, তাদেরকে যে শাস্তি দেওয়াহয়েছে, তা আমরা আনন্দের সঙ্গে দেইনি। খুব কষ্ট নিয়ে দল এই সিদ্ধান্ত নিয়েছে। এখন এ ব্যাপারে দল পরবর্তীতে কী সিদ্ধান্ত নেয় তা দেখার বিষয়। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।'

নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির আরেকজন সদস্য এশিয়া পোস্টকে বলেন, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃতরাও ত্যাগী ও পরীক্ষিত নেতা। তবে দলের বৃহত্তর স্বার্থে ও শৃঙ্খলা বজায় রাখতে কখনও কখনও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এসব বহিষ্কারের বিষয়ে হাইকমান্ড অবগত। যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত