সারা বাংলা খুলনা নড়াইল
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও এমডিকে পুনর্বহালের দাবিতে নড়াইলে মানববন্ধন
২৬ বাংলা টিভি 24-May-2026 27
নড়াইল প্রতিনিধি :
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর স্থিতিশীলতা, গ্রাহক আস্থা ও সুশাসন রক্ষা এবং ব্যাংক নিয়ে সব ধরনের ষড়যন্ত্র বন্ধের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ মে) সকাল ১০টায় ব্যাংকের নড়াইল শাখার সামনের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, নড়াইল’এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে ব্যাংকের সাধারণ গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা ব্যাংকের শীর্ষ পর্যায়ে চলমান অস্থিরতা ও সুশাসন বিঘ্নিত হওয়ার পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে নজিরবিহীন লুটপাট ও চরম বিপর্যয় চালিয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ব্যাংকটি লুটেরাদের কবল থেকে উদ্ধার করা হলেও, বর্তমানে আবারও সেই পুরনো চক্রকে ভিন্ন উপায়ে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। একটি মহল ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে, যা ব্যাংকের সুশাসনকে চরমভাবে ব্যাহত করছে।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নড়াইল কমিটির সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক আবিদুর রহমান বাবু, মোঃ ফারুক হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ খালিদ হাসান, রিফাত, উম্মে সালমা, মোঃ আসাদুজ্জামান, মোঃ মামুনুর রশিদ প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এই ব্যাংকের গ্রাহকদের আস্থা ধরে রাখতে এবং দেশের ব্যাংকিং খাতকে সুরক্ষিত করতে অনতিবিলম্বে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ গ্রাহকদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
news@26banglatv.com