সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
২৬ বাংলা টিভি 22-May-2026 33
নড়াইলে ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
মোস্তফা কামাল,নড়াইল :
রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং দেশব্যাপী চলমান সকল নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২২ মে শুক্রবার বিকেলে প্রথম আলো বন্ধুমঞ্চ নড়াইল জেলা শাখার আয়োজন নড়াইল প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শিক্ষক, সাংবাদিক, চিত্রশিল্পী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই ধরণের অপরাধ বাড়ছে। রাজধানীর মিরপুরে কোমলমতি শিশু রামিসাকে যেভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না।
বক্তারা আরও বলেন, "বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। আমরা চাই শিশু রামিসার হত্যাকারীসহ দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা সকল ধর্ষক ও নিপীড়কদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।"
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মাহবুবুর রশীদ লাভলু, জ্যেষ্ঠ সাংবাদিক কাজী হাফিজুর রহমান, বিশিষ্ট চিত্রশিল্পী ধর্মদাস মল্লিক, বন্ধুমঞ্চ নড়াইলের সভাপতি, প্রীতি রবি দাস, সাধারণ সম্পাদক জান্নাতী খানম, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই এর সভাপতি মো: জাকারিয়া খান, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন প্রমুখ।
মানববন্ধনের সমাপনী বক্তব্যে বক্তারা শুধু আইনি ব্যবস্থার ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, প্রতিটি পরিবার এবং সমাজকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে হলে অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। প্রশাসন যদি অবিলম্বে এই সকল জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তবে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
news@26banglatv.com