শিক্ষা
সারাদেশে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হয়েছে: শিক্ষামন্ত্রী
২৬ বাংলা টিভি 21-Apr-2026 39
সারাদেশে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হয়েছে: শিক্ষামন্ত্রী
সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই, এমনকি এ ধরনের কোনো আলোচনা বা অভিযোগও সামনে আসেনি।
তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করেছেন।
এ সময় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে নেয়া বিভিন্ন পদক্ষেপ গণমাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরার ফলে জনগণের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে। এতে করে সারাদেশে একটি স্বচ্ছ ও নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, আনন্দ উদ্দীপনা নিয়ে আমাদের এই জেনজিরা পরীক্ষা দিচ্ছে এটি সত্যিই অভাবনীয় এবং তাদের যে আনন্দ উৎফুল্লতা আমি যাওয়ার পরে এতে সত্যিই সমাদৃত হয়েছি। আপনারা আগামী পরীক্ষাগুলোকে এভাবেই সহযোগিতা করবেন। পরের পরীক্ষাগুলো আমি যতটা সম্ভব মনিটরিং করব এবং আমার টিম মনিটরিং করবে এবং আপনারাও করবেন। এর মাঝে যদি কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আপনার পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন।
তিনি আরও জানান, কোনো শিক্ষার্থী ট্রাফিক জটের কারণে দেরি করে ফেললে যেন সে আতঙ্কিত না হয়—সেজন্য অভিভাবক ও শিক্ষকদের বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে। কীভাবে এমন পরিস্থিতিতে শিশুকে শান্ত রাখা এবং তার মানসিক চাপ কমিয়ে পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও তাদের দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বিষয়ে সবাই দায়িত্বশীল আচরণ করবেন বলে তিনি আশা করছেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার আগেই তাকে অনুরোধ করেছিলেন, পরীক্ষাকেন্দ্রগুলো যেন সকাল আটটা থেকেই খোলা রাখা হয়। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে দূরবর্তী এলাকা থেকে আগত পরীক্ষার্থীরা আগেভাগেই কেন্দ্রে প্রবেশ করতে পারে।
তিনি আরও বলেন, তবুও যারা খানিকটা দেরি হয়েছে তাদের নিয়ে নিশ্চয়ই আমি আশা করব তারা যেন বিভ্রান্ত না হয় ভয় না পায়। তাদেরকে সহযোগিতা করাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ।
news@26banglatv.com