সারা বাংলা খুলনা কুষ্টিয়া
হাসপাতালের পুকুরে যুবতীর মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে রহস্যের ঘনঘটা
২৬ বাংলা টিভি 12-Oct-2025 72
হাসপাতালের পুকুরে যুবতীর মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে রহস্যের ঘনঘটা
কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের নজরে এলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড— তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়া সদর হাসপাতালের বড় পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কুষ্টিয়া মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পরবর্তীতে পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। নিহতের নাম অনন্যা ইসলাম সুমি ওরফে জুথি (৩৩)। তাঁর পিতা মৃত নুরুল ইসলাম বাচ্চু। তিনি কুষ্টিয়া শহরের পিয়ারাতলা লুৎফুল হক লেনের ২১/১ নম্বর বাসার বাসিন্দা ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এসময় একটি বাটন মোবাইল ফোন ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। নিহতের পরিচয় নিশ্চিত হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
তিনি আরও বলেন, “এটি দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
বর্তমানে মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য উন্মোচিত হবে।
news@26banglatv.com