সারা বাংলা খুলনা যশোর
ঝিকরগাছায় হাঁসের খামারে অপরাধী চক্রের ডেরা থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার
২৬ বাংলা টিভি 11-Oct-2025 48
ঝিকরগাছায় হাঁসের খামারে অপরাধী চক্রের ডেরা থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার
তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর):
যশোরের ঝিকরগাছায় অপরাধী চক্রের একটি ডেরায় হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও অপরাধ কর্মকান্ড সংগঠনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৩ জন আটক করা হয়েছে। ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী জানান, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া আউলিয়া পাড়ায় সোহাগ খান নামের এক মাদক ব্যবসায়ীর হাসের খামারে অভিযান চালায় ঝিকরগাছা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। এসময় মূল অভিযুক্ত সোহাগসহ তার সহযোগিরা ৫টি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে কাউরিয়া গ্রামের হাবিবুল্লার ছেলে মাহাবুব রহমান (৩৬), পারবাজার গ্রামের মৃত-আশিকুল ইসলামের ছেলে হাসিবুল হোসেন (২৮), মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের মমিনুর রহমানের ছেলে (ঝিকরগাছা পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের ভাড়াটিয়া) ইউনুস আলী (৩০) নামের ৩জনকে আটক করেছে পুলিশ। পরে উল্লেখিত হাঁসের খামারে তল্লাশী চালিয়ে পুলিশের ব্যবহৃত ২টি ওয়াাকিটকি, পাঁচটি মোটরসাইকেল, বেশ কয়েকটি রিফ্লেক্টিং জ্যাকেট, ২টি খেলনা পিস্তল, একটি রামদা, কয়েকটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, স্বর্ণ মাপার ইলেকট্রনিকস যন্ত্র, হাতুড়ি, ছুরি, চাকু, বেশ কয়েকটি সিসি ক্যামেরাসহ বিভিন্ন ডিভাইস, মুখোশ, টচলাইট, সাউন্ড সিস্টেম, অসংখ পুরুষসহ নারীদের স্যান্ডেল-জুতা, কনডম, জন্মবিরতিকরণ ট্যাবলেট, লোহার সাবল, সাইকেলের গিয়ার, ৪টি বার্মিজ চাকুসহ অপরাধমুলক কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই আস্তানায় একাধিক ছোট ছোট সাজানো-গোছালো কক্ষ রয়েছে। যার একাধিক ছোট ছোট দরজা লক্ষ্য করা গেছে। খবর পেয়ে তাৎক্ষনিক যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, বাঁশ বাগান পরিবেষ্টিত হাঁসের খামারটি নামেমাত্র। এক বিঘার বেশি এলাকা জুড়ে ও পুকুরের মধ্যে রয়েছে নানান আকারের ঘর। এটি মূলত মাদক ব্যবসায়ী ও ডাকাতিসহ নানান অপরাধে সম্পৃক্তদের আস্তানা। এঘটনায় আটককৃত ৩জনসহ খামার মালিক পুরান্দরপুর গ্রামের আজিজ খানের ছেলে পালাতক সোহাগ খান (৪০) কে আসামী করে ঝিকরগাছা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। যার নং- ১১,তাং-১১/১০/২০২৫ ইং।
news@26banglatv.com