সারা বাংলা খুলনা নড়াইল
রাজনীতিকে যারা পণ্য মনে করে তারা দেশের মঙ্গল চায় না: ডা. শফিকুর রহমান
২৬ বাংলা টিভি 06-Feb-2026 64
রাজনীতিকে যারা পণ্য মনে করে তারা দেশের মঙ্গল চায় না: ডা. শফিকুর রহমান
নড়াইল প্রতিনিধি :
রাজনীতি কোনো কেনাবেচার পণ্য নয়, বরং এটি জনসেবার মাধ্যম এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যারা রাজনীতিকে পণ্য মনে করে তারা বাংলাদেশের ভালো চায় না। আমরা কেবল জামায়াতের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা ক্ষমতায় গেলে কোনো বে-ইনসাফি করব না, বরং ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জামায়াত আমীর বলেন, “বাংলাদেশ এখন স্বস্তির নিঃশ্বাস নিতে চায়। আমরা আর সেই পুরানো রাজনীতিতে ফিরে যেতে চাই না যারা দেশকে জিঞ্জির পরিয়ে রেখেছিল এবং সামনে এগোবার সুযোগ দেয়নি। আল্লাহর ওপর ভরসা করে আমরা সেই বাংলাদেশকে পাল্টে দিতে চাই। আগামী ১২ তারিখ সেই সুযোগ আমাদের সামনে।
নারীদের অধিকার ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন এক ইনসাফ কায়েম করতে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের মা-বোনেরা সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে চলাচল করতে পারবেন।
জুলাই বিপ্লবের স্মৃতি চারণ করে তিনি আরও বলেন, “যুবকরা জুলাই আন্দোলনে বুক পেতে না দাঁড়ালে ২০৪১ সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়ন সম্ভব হতো না। এই আন্দোলনের মূল কারিগর যুবসমাজ। খুব শীঘ্রই আমরা এই সৎ ও দক্ষ যুবকদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে চাই।”
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান নড়াইল জেলার দুটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাদের হাতে প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। নড়াইল-১ জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ও নড়াইল-২: জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জুমার নামাজের পর থেকেই নড়াইলের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। বিকেলের মধ্যেই স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
news@26banglatv.com