Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম: তারেক রহমান

২৬ বাংলা টিভি   31-Jan-2026   29

Photo

বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম: তারেক রহমান


নিউজ ডেস্ক:

বগুড়াকে বিএনপির অবিচ্ছেদ্য দুর্গ হিসেবে উল্লেখ করে স্থানীয় নেতা-কর্মীদের ওপর বিশেষ আস্থার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার একটি চার তারকা হোটেলের বলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভাটি আয়োজিত হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে তারেক রহমানের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করার জন্য। সভায় তিনি আসন্ন নির্বাচনের গুরুত্ব ও জেলার রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং স্থানীয় নেতা-কর্মীদের কার্যক্রমে উৎসাহিত করেন।

মতবিনিময় সভায় অংশ নেয়া নেতা-কর্মীরা বলেন, বগুড়ায় ধানের শীষ প্রতীকটির ব্যাপক জনপ্রিয়তা ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দলের জন্য বিপুল ভোটে জয় নিশ্চিত করতে সহায়ক হবে।

তবে এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তারেক রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না।’

তিনি আরও যোগ করেন, ‘বগুড়ার সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বেশি হবে, জনরায়ের প্রতিফলন ততটাই শক্তিশালী হবে।’

তারেক রহমান এবার বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সারা দেশে নির্বাচনী প্রচারের ব্যাপক ব্যস্ততার কারণে তিনি নিজের আসনে সময় দিতে পারবেন না বলে জানান।

নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের। কারণ, সারা দেশে আমাকে যেতে হচ্ছে। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, এই ঘাঁটির জনগণকে আপনারা দেখে রাখবেন।’

বেলা ১১টায় শুরু হওয়া এই সভায় তারেক রহমান প্রথমে স্থানীয় নেতাদের অভাব-অভিযোগ ও পরামর্শ শোনেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তির ওপর জোর দেয়া হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের (বাদশা) সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। সভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের জনসভার উদ্দেশ্যে রওনা করেন। পথের দুই ধারে হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য দাঁড়িয়ে ছিল। সাধারণ মানুষদের উপস্থিতির প্রেক্ষিতে তারেক রহমান শাজাহানপুর ও শেরপুর মোড়ে বক্তব্যও রাখেন।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত