সারা বাংলা খুলনা খুলনা
মহেশপুরে সরকারি ওষুধসহ নার্স আটক ডায়াগনস্টিক সেন্টারের মালিকের কারাদণ্ড
২৬ বাংলা টিভি 25-Nov-2025 77
মহেশপুরে সরকারি ওষুধসহ নার্স আটক ডায়াগনস্টিক সেন্টারের মালিকের কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে সরকারি হাসপাতালে সরবরাহকৃত ওষুধ অবৈধভাবে মজুত ও ব্যবহারের অভিযোগে মহেশপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে এক নার্স ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে নানা অনিয়ম পাওয়া যায়।
অভিযান চলাকালে নার্স শিরিনা আক্তারের বেডের নিচ থেকে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধের মজুত পাওয়া যায়। সরকারি ওষুধ ব্যক্তিগত কাজে ব্যবহার ও বিক্রির অভিযোগে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক ওবায়দুল হককে সরকারি ওষুধ অবৈধভাবে মজুত ও ব্যবহারের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জব্দ করা সরকারি ওষুধগুলো সিলগালা করা হয়। ভবিষ্যতে এমন অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ইউএনও খাদিজা আক্তার। এ সময় মহেশপুর থানার এসআই হিমানিস উপস্থিত ছিলেন।
news@26banglatv.com