Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম লক্ষ্মীপুর

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

২৬ বাংলা টিভি   06-Sep-2026   13

Photo

আগুনে পুড়ে যাওয়া বসতঘর। ছবি: সংগৃহীত


লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরগুলোর আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় এক রাতেই নিঃস্ব হয়ে পড়েছেন বেশ কয়েকটি পরিবার।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশহক ব্যাপারীবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোহেল (৪০) নামের এক ব্যক্তি নিজের ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দেন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরগুলোতে। স্থানীয় লোকজন তাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আহত অবস্থায় তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে সোহেলের নিজের ঘরও পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘর থেকে প্রয়োজনীয় কোনো জিনিসপত্র বের করার সুযোগ পাননি তারা। কৃষক ছিদ্দিক উল্যাহর পুরো ঘর পুড়ে গেছে। তিনি বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর ঘরে থাকা টাকা-পয়সা, আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। এমনকি এক মুঠো চাল বা একটি কাপড়ও বের করে আনতে পারেননি তিনি।

আরেক ক্ষতিগ্রস্ত বাসিন্দা আহসান উল্লাহ বলেন, আগুনে তাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেননি। নগদ টাকা, আসবাবপত্র ও কাপড়চোপড়সহ পরিবারের শেষ সম্বলটুকুও মুহূর্তের মধ্যে পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকবেন এবং কীভাবে আবার ঘর তুলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও লক্ষ্মীপুর থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম শাহজালাল কিসমত বলেন, সোহেল নিয়মিত মাদক সেবন করেন বলে স্থানীয়ভাবে জানা যায়। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রথমে পেট্রল দিয়ে নিজের ঘরে আগুন দেন বলে তিনি জানান। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ সৈয়দ আহমেদ বলেন, পুড়ে যাওয়া ঘরগুলো টিনের তৈরি। প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে মোট ১১টি ঘর পুড়ে গেছে। স্থানীয় লোকজনের মারধরের পর সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত