জাতীয়
মাইলস্টোনের ক্ষতিপূরণ দ্রুত পৌঁছে দিতে সরকার কাজ করবে : ডা. জাহেদ
২৬ বাংলা টিভি 21-Jul-2026 10
মাইলস্টোনের ক্ষতিপূরণ দ্রুত পৌঁছে দিতে সরকার কাজ করবে : ডা. জাহেদ
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ক্ষতিপূরণ ঘোষিত হয়ে থাকলে তা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছানো সরকারের দায়িত্ব। ঘোষিত ক্ষতিপূরণ যদি বিতরণ না হয়ে থাকে, তাহলে তা যেন দ্রুত পরিবারগুলোর কাছে পৌঁছে— সে বিষয়ে সরকার অবশ্যই কাজ করবে।
মঙ্গলবার (২১ জুলাই) সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড, প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, “একটি বর্ষপূর্তিতে এসে যদি আমাদের শুনতে হয় যে পরিবারগুলো এখনও ক্ষতিপূরণ পায়নি, তাহলে সেটি দুর্ভাগ্যজনক। আমাদের দায়িত্ব নেওয়ারও প্রায় পাঁচ মাস হয়ে গেছে। এটিকে আমাদেরও কিছুটা ব্যর্থতা হিসেবে স্বীকার করতে হবে। আমরা সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করবো।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে আমি ব্যক্তিগতভাবে বিষয়টি তুলবো। প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের সঙ্গে সরকারের প্রতিনিধি বসতে পারেন। তাদের সব দাবি শুনে বিবেচনা করা উচিত।”
ক্ষতিগ্রস্ত পরিবারের এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবির বিপরীতে সরকারের ২০ লাখ টাকার প্রস্তাবের বিষয়ে তিনি আরও বলেন, অর্থ দিয়ে প্রাণহানির প্রকৃত ক্ষতিপূরণ সম্ভব নয়। তবে রাষ্ট্রকে তার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চভাবে পরিবারের পাশে দাঁড়াতে হবে।
মন্ত্রীসভার রদ বদলের বিষয়ে ডা.জাহেদ বলেন, এই বিষয়ে তার কাছে নিশ্চিত কোনও তথ্য নেই। তিনিও গণমাধ্যমে এই আলোচনা দেখেছেন। তবে প্রধানমন্ত্রী কোনও মন্ত্রী বা উপদেষ্টার কাজ সন্তোষজনক মনে না করলে দায়িত্ব পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
news@26banglatv.com