সারা বাংলা খুলনা খুলনা
ঈদুল আজহা উপলক্ষে খুলনায় নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা
২৬ বাংলা টিভি 20-May-2026 35
ঈদুল আজহা উপলক্ষে খুলনায় নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা
খুলনা প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরীর সার্বিক নিরাপত্তা, পশুর হাট ও ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট প্রধানদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
সভায় খুলনা জেলা পুলিশ সুপারসহ নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, সিআইডি, পিবিআই, এপিবিএন এবং ট্যুরিস্ট পুলিশ-এর ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কেএমপি কমিশনার বলেন, “এই শহর আমাদের সবার। শহর ও রাষ্ট্রকে নিরাপদ এবং সুন্দর রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে নৌপথে কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ ও জেলা পুলিশকে, সড়কপথে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে, রেলস্টেশনগুলোর নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে এবং বিভিন্ন টার্মিনাল ও পশুর হাটের নিরাপত্তায় এপিবিএনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
সভায় জানানো হয়, খুলনা মহানগরীতে সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।
এসময় কোরবানির পশু ক্রয়-বিক্রয়, পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন, কাঁচা চামড়া পরিবহনকারী যানবাহনের নিরাপত্তা, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত বিভিন্ন বিশেষায়িত ইউনিট প্রধানরা নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে নিজেদের মতামত ও করণীয় তুলে ধরেন।
news@26banglatv.com