সারা বাংলা খুলনা খুলনা
খুলনায় প্রধানমন্ত্রীর ৫ দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং
২৬ বাংলা টিভি 13-May-2026 11
খুলনায় প্রধানমন্ত্রীর ৫ দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং
খুলনা প্রতিনিধি:
বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ও প্রতিশ্রুতির আওতায় ফ্যামিলি কার্ড, নদী-খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, নারীদের জন্য গাড়ি সুবিধা এবং কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফসহ পাঁচ দফা কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং করেছে খুলনা বিভাগীয় তথ্য অফিস।
বুধবার সকালে খুলনা প্রেসক্লাব-এর হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক ইব্রাহিম আল মামুন।
খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংবাদিক আবু তৈয়ব, মো. শাহ আলম, সুনীল দাস, আব্দুল্লাহ আল মামুন রুবেল ও কাজী শামীমসহ অন্যান্যরা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রান্তিক ও নিম্ন আয়ের নারীদের ক্ষমতায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে নদী ও খাল খনন-পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়া পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে বিশেষ গাড়ি সুবিধা এবং ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড, সহজ শর্তে ঋণ, ভর্তুকি, বীজ ও সারসহ ১০ ধরনের কৃষি সহায়তা কার্যক্রম চালু রয়েছে বলেও জানানো হয়।
ব্রিফিংয়ে আরও বলা হয়, এসব প্রকল্প দেশের সামগ্রিক উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচারে গণযোগাযোগ অধিদপ্তর উঠান বৈঠক, কমিউনিটি সভা, নারী সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী, কৃষক সমাবেশ ও ফ্যামিলি সমাবেশের আয়োজন করে আসছে।
এ সময় সরকারি উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তথ্য অফিসের কর্মকর্তারা।
news@26banglatv.com