সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে বর্ণিল আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রঙে-তুলিতে ফুটে উঠল গ্রামীণ ঐতিহ্য
২৬ বাংলা টিভি 13-Apr-2026 38
নড়াইলে বর্ণিল আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রঙে-তুলিতে ফুটে উঠল গ্রামীণ ঐতিহ্য
মোস্তফা কামাল, নড়াইল :
নড়াইলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ শিশু একাডেমি নড়াইল জেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে।
এদিন সকাল থেকেই জেলা শিশু একাডেমি চত্বর শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। নড়াইল শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক, খ ও গ এই তিনটি বিভাগে বিভক্ত হয়ে শিশুরা তাদের সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলে গ্রামীণ বাংলার অপরূপ প্রকৃতি, পহেলা বৈশাখের মেলা এবং বাঙালি ঐতিহ্যের নানা অনুষঙ্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন:
"নড়াইলের এ মাটির প্রতিটি শিশুর মধ্যেই সৃজনশীলতা লুকিয়ে আছে। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে জানুক। আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো শিশুদের হৃদয়ে দেশপ্রেম ও বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে গেঁথে দেওয়া। অপশক্তির বিরুদ্ধে লড়তে হলে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।"
তিনি আরও বলেন, শিশুদের এই সুন্দর আঁকা ছবিগুলোই প্রমাণ করে যে তারা আমাদের শেকড়কে কতটা ভালোবাসে। জেলা প্রশাসন সর্বদা এ ধরনের সৃজনশীল আয়োজনের পাশে থাকবে।
প্রতিযোগিতা চলাকালীন শিশু একাডেমি চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। চিত্রাঙ্কন শেষে বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণ শেষে প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহিন উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অভিভাবকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিজিটাল নির্ভরতার বাইরে সুস্থ বিনোদনে সহায়ক ভূমিকা রাখবে।#
news@26banglatv.com