সারা বাংলা ঢাকা নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানের ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
২৬ বাংলা টিভি 10-Mar-2026 52
নারায়ণগঞ্জে স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানের ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানের কাউন্সিলরের বিরুদ্ধে প্রায় ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ী লন্ডনভিত্তিক এডুএক্সপ্রেস নামের একটি স্টুডেন্ট কনসালটেশন ফার্ম পরিচালনা করেন। ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারে প্রতিষ্ঠানটির একটি শাখা রয়েছে। ওই শাখায় জিনি সাহা (৩৫) নামের এক নারী প্রায় ৯ মাস ধরে কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগে বলা হয়, প্রবাসে থাকার সুযোগে জিনি সাহা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভিন্ন শিক্ষার্থীর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করে দেন এবং এভাবে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এসব অর্থ নিজের, তার মা ও বোনের ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে লেনদেন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গত ৩ ফেব্রুয়ারি দেশে এসে বিষয়টি জানতে পারেন আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি গত ৭ মার্চ অভিযুক্ত জিনি সাহার কাছে তার ও পরিবারের ব্যাংক হিসাবের স্টেটমেন্ট চাইলে তিনি একটি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেন এবং বাকিগুলো পরদিন দেওয়ার কথা বলেন। তবে ৮ মার্চ থেকে তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে অজ্ঞাতস্থানে চলে যান।
অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি তার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন। সব মিলিয়ে প্রায় ৭০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে গত ৯ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অভিযুক্তের বাসায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি জানিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
news@26banglatv.com